
সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের খুচরা দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা। নতুন দাম বুধবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।
নতুন মূল্য অনুযায়ী, সাড়ে ৫ কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ৭২৭ টাকা। সাড়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৬৫২ টাকা, ১৫ কেজির ১ হাজার ৯৮২ টাকা এবং ১৬ কেজির সিলিন্ডারের দাম ২ হাজার ১১৪ টাকা।
এ ছাড়া ১৮ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২ হাজার ৩৭৮ টাকা, ২০ কেজির ২ হাজার ৬৪২ টাকা এবং ২২ কেজির সিলিন্ডারের দাম ২ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
২৫ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩০৩ টাকা। ৩০ কেজির সিলিন্ডার বিক্রি হবে ৩ হাজার ৯৬৪ টাকায়, ৩৩ কেজির ৪ হাজার ৩৬০ টাকায় এবং ৩৫ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৬২৪ টাকা।
অন্যদিকে, ৪৫ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের নতুন খুচরা দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৯৪৫ টাকা।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য, আমদানি ব্যয়, পরিবহন ব্যয় এবং অন্যান্য সংশ্লিষ্ট খরচ বিবেচনায় নিয়ে প্রতি মাসে এলপিজি ও অটোগ্যাসের দাম পুনর্নির্ধারণ করে থাকে।